দিনহাটা মহকুমায় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে পর্ষদ সদস্য, অংশগ্রহণ করছে ৩৪০০ পরীক্ষার্থী
দিনহাটা:
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ- পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনে দিনহাটা মহকুমার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পরীক্ষা পরিচালন কমিটির সদস্যরা। নিরবিচ্ছিন্ন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতেই এই পরিদর্শন বলে জানা গেছে।
গতকাল, শুক্রবার, দিনহাটা মহকুমার মোট ছয়টি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধি দল। এই দলে ছিলেন দিনহাটা মহকুমা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অসিতকুমার চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক বিদ্যুৎ বিশ্বাস, দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী, এবং নাজিরহাট আঞ্চলিক কমিটির পক্ষে বিশিষ্ট শিক্ষক মোস্তাফা আলী। তাঁরা পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এবছর দিনহাটা মহকুমা জুড়ে মোট ৩২টি পরীক্ষা কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় ৩,৪০০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে, যা প্রাথমিক স্তরের শিক্ষার প্রতি তাদের আগ্রহকে প্রতিফলিত করে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও পরীক্ষা পরিচালন কমিটির পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment